ভালুকায় ইউএনও’র নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ
মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি – ময়মনসিংহের ভালুকায় পৌর এলাকার ফুটপাত দখলমুক্ত রাখতে এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত হয়েছে উচ্ছেদ অভিযান।
বৃহস্পতিবার (২২ মে) বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে বসস্ট্যান্ড এলাকা, বাজার রোড এবং পাঁচরাস্তার মোড় পর্যন্ত প্রায় শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এসময় দখলমুক্ত করা হয় গুরুত্বপূর্ণ ফুটপাত ও রাস্তার পাশের জায়গা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন “পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটাচ্ছিল এমন সব অবৈধ স্থাপনা আমরা আইনানুগভাবে উচ্ছেদ করেছি। ব্যবসায়ীদেরকে আমরা পূর্বে নোটিশ প্রদান করেছি এবং আজকের অভিযানে তাদের সহযোগিতাও পেয়েছি। উচ্ছেদ হওয়া দোকানগুলোর পুনর্বাসনের ব্যবস্থা নেয়া হয়েছে যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়। ভবিষ্যতেও এই ধরনের দখলদারিত্বের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।”
এসময় ভালুকা মডেল থানা ওসি হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































